দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
মাঠ প্রশাসনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের জনগণের সেবায় আন্তরিকভাবে নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের সেবা করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারদের উদ্দেশে মীর হেলাল বলেন, সফলভাবে দায়িত্ব পালনের জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও পরিপূরকের মাধ্যমে কাজ করতে হবে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ দেশের প্রকৃত মালিক উল্লেখ করে সরকারি কর্মচারীদের উদ্দেশে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক।’
সেবার মানসিকতা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় সব বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএম/